কন্যা সন্তানের জন্মের মাত্র ২ মাস পরই ফের শ্যুটিংয়ে কোয়েল, যা বললেন অভিনেত্রী

মাত্র দুই মাস আগে মা হয়েছেন কোয়েল মল্লিক। তবে মাতৃত্বের বিরতি কাটিয়ে এত তাড়াতাড়ি কাজে ফিরে আসবেন, তা হয়তো কেউই ভাবেননি। বৃহস্পতিবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস-এর মঞ্চে ডান্স পারফরম্যান্স করলেন কোয়েল। মেয়ের জন্মের পর এই প্রথম ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী, আর একটানা শ্যুটিং করে দারুণ উচ্ছ্বসিত তিনি।

কোয়েল আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় ১০ জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে।”

প্রথম সন্তান কবীরের জন্মের পর থেকেই কোয়েল নিয়মিত যোগাসন, পিলাটেস ও নাচের মাধ্যমে নিজেকে ফিট রেখেছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রী জানান, “কাজের জন্য তো বটেই, আমার দুই ছোট সন্তানের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ডেলিভারির ৬ সপ্তাহ পর থেকেই শরীরচর্চা শুরু করেছি। শুধু শরীর নয়, এতে মনও ভালো থাকে, হরমোনের ব্যালেন্স ঠিক থাকে।”

অনেকে মাতৃত্বের পর পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন। তবে কোয়েল স্পষ্টই জানিয়েছেন, “এটা আমার ওপর কোনও প্রভাব ফেলেনি। নিয়মিত শরীরচর্চা আর মেডিটেশন করায় আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি।”

অভিনেত্রীর হাতে এখন বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রয়েছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’, ও ‘একটি খুনির সন্ধানে মিতিন’। তবে ফের সিনেমার সেটে ফিরতে উদগ্রীব কোয়েল। আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে ব্যস্ত তিনি। গল্প পছন্দ হলে তবেই নতুন প্রজেক্টে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

দ্বিতীয় মাতৃত্বের পর এত দ্রুত কাজে ফেরা এবং নিজেকে আগের মতোই ফিট রাখার জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন কোয়েল মল্লিক। এখন শুধু অপেক্ষা, কবে বড়পর্দায় আবার ফিরবেন তিনি।