“নিজের অন্তর্দৃষ্টি আরও উন্নত করতে হবে”- গুকেশের হারের কারণ জানালেন তাঁর কোচ

ভারতের দাবা বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের জন্য ২০২৫ সালের প্রথম মাসটি সুখকর হয়নি। শুক্রবার, আলিরেজা ফিরোজ্জারের কাছে পরাজিত হয়ে তিনি ফ্রি স্টাইল দাবা খেলায় নিজের পরাজয়ের ধারাকে অব্যাহত রাখলেন। তার এই পরাজয়ের পর তিনি ওয়াঙ্গেলসে অনুষ্ঠিত ওয়েইসেনহাউস ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্লামে শেষ করেছেন অষ্টম স্থানে।
গুকেশের জন্য শুরুটা ছিল যথেষ্ট কঠিন। বৃহস্পতিবার প্রথম খেলায়, গুকেশ আলিরেজা ফিরোজ্জারের বিরুদ্ধে একটি উত্তেজনাপূর্ণ লড়াই দিয়েছিলেন এবং খেলাটি ড্র করেন। তবে দ্বিতীয় খেলায়, ৩০তম চালেই ফিরোজ্জার কাছে হেরে যান গুকেশ, যার ফলে টুর্নামেন্টে তার অবস্থান আরও খারাপ হয়।
এই পরাজয়ের পর গুকেশের খেলায় সমালোচনা শুরু হয়। যদিও তাঁর কোচ জ্রাজেজর্জ গাইউস্কি গুকেশের পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, গুকেশের প্রধান ফোকাস ক্লাসিকাল চেসের উপর, এবং তার বর্তমান খারাপ পারফরম্যান্স শুধুমাত্র কিছু সময়ের জন্য ঘটছে।
গুকেশের বিরুদ্ধে আগের একটি মন্তব্য করেছিলেন বিশ্বখ্যাত দাবাড়ু হিকারু নাকামুরা, যিনি দাবা ডট কম-এর কাছে বলেছিলেন যে, গুকেশের প্রধান দুর্বলতা তার অন্তর্দৃষ্টি। তবে গাইউস্কি বলেছেন, এটি উদ্বেগের বিষয় নয়, আসল সমস্যা হচ্ছে গণনার অভ্যাসের সঙ্গে লড়াই। তিনি বলেন, “এটি অন্তর্দৃষ্টি বিকাশের বিষয় নয়, বরং গণনার অভ্যাসের বিষয়ে। একবার আপনি যখন হিসাব করতে অভ্যস্ত হয়ে যান, তখন এটা স্বাভাবিক হয়ে যায়। প্রতিপক্ষের চালের উপর আরও বেশি মনোযোগ দিতে হয়।”
গাইউস্কি আরও বলেন, “তাকে নিজের অন্তর্দৃষ্টি আরও উন্নত করতে হবে, তবে আমি এখানে ক্লাসিকাল চেস ৯৬০-এর অন্তর্দৃষ্টি বলতে চাই।” গুকেশ যিনি একসময় বিশ্বের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কেড়েছিলেন, তার বিরুদ্ধে চলতি বছর বেশ কয়েকটি পরাজয় এসেছে। ফিরোজ্জারের কাছে হারের আগেও, তিনি ম্যাগনাস কার্লসেন এবং রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছেও পরাজিত হয়েছিলেন।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশের প্রত্যাশা অনেক বেড়েছিল। তিনি ১৮ বছর ৮ মাস ১৪ দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিলেন, যখন তিনি চিনের ডিং লিরেনকে পরাজিত করেন। তবে ২০২৫ সালের শুরুতে তার খেলা কিছুটা হোঁচট খেয়েছে। শীঘ্রই তিনি আবার নিজের ছন্দে ফিরে আসবেন, এমনটাই আশা করছেন অনেকে।