“বাবা মাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে”- ৪ বছরের শিশুর আঁকা ছবিতে ফাঁস হলো মায়ের হত্যার রহস্য

উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে চার বছরের একটি শিশুর আঁকা ছবি ফাঁস করে দিয়েছে তার মায়ের মৃত্যুর রহস্য। প্রথমে সবাই মনে করেছিল, ২৭ বছরের সোনালি বুধোলিয়া আত্মহত্যা করেছেন, কিন্তু তার ছোট্ট মেয়ে দর্শিতার দেওয়া তথ্য পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়।

সোনালির স্বামী পরিবারের সদস্যদের ফোন করে জানিয়েছিলেন যে, সোনালি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের সদস্যরা প্রথমে সেই বক্তব্যে বিশ্বাস করলেও, সোনালির বাবা-মায়ের মনে সন্দেহ জন্মায়। কেননা, তারা বুঝতে পারছিলেন না যে, সোনালি এমন একটি চরম সিদ্ধান্ত নিতে পারেন।

এমন সময়েই পুলিশের সামনে আসে সোনালির ছোট মেয়ে দর্শিতা। সে জানায়, “মা নিজে মরেনি, বাবা মেরে ফেলেছে। তারপর ঝুলিয়ে দিয়েছে।” শুধু কথায় নয়, শিশুটি তার খাতা ও কলম নিয়ে পুরো ঘটনার চিত্র আঁকতে শুরু করে। সেই ছবি পুলিশকে তুলে দেয় দর্শিতা।

পুলিশি তদন্তে জানা যায়, সোনালির বিয়ে হয়েছিল ২০১৯ সালে, এবং বিয়ের সময় তার বাবা ২০ লক্ষ টাকা পণ হিসেবে দিয়েছিলেন। তবে, স্বামী তাতে সন্তুষ্ট হয়নি এবং আরও টাকা চাইতে শুরু করেন। পণের টাকার পাশাপাশি, গাড়ি কেনার জন্যও তিনি শ্বশুরবাড়ির কাছে দাবি তোলেন। টাকা না পেয়ে, সোনালির ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত।

সোনালি যখন কন্যাসন্তানের জন্ম দেন, তখন স্বামী আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ সে ছেলের আশা করেছিল। এমনকি, হাসপাতালে স্ত্রীকে ফেলে রেখে চলে যায়। সোনালির বাবা হাসপাতালে বিল মেটানোর পর মেয়েকে বাড়িতে নিয়ে আসেন।

বিয়ের পর থেকে চলতে থাকা এই অত্যাচারের পরিণতি ছিল সোনালির মৃত্যু। তার স্বামীই তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার মতো ঘটনা সাজানোর চেষ্টা করেছিলেন। তবে, চার বছরের ছোট্ট দর্শিতার সরল স্বীকারোক্তি এবং আঁকা ছবির মাধ্যমে পুলিশ সত্যি উদঘাটন করে।

পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে এবং জানান, “এই ঘটনা প্রমাণ করে যে, কখনো কখনো ছোট্ট শিশুরাও ন্যায়বিচারের পথ দেখাতে পারে। দর্শিতার সাহস না থাকলে হয়তো এটি আত্মহত্যা বলেই রয়ে যেত।” এই মর্মান্তিক ঘটনার পর এলাকা সারা জাগিয়েছে। মা হারানো ছোট্ট দর্শিতা এখন তার দাদু-দিদার কাছে রয়েছে।