বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশে সাহায্য, বাংলায় গ্রেফতার আরও এক দালাল

বাংলাদেশি পাচার চক্রের এক দালালকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতের বিশেষ অভিযান চালিয়ে হাঁসখালি পিপুলবেরিয়া এলাকা থেকে নাসির ঢালি নামে এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। ওই দালাল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বেআইনি অনুপ্রবেশ ঘটাচ্ছিল, এমনটাই পুলিশের কাছে খবর ছিল। তার পরেই অভিযান চালিয়ে নাসির ঢালিকে আটক করা হয়।

ধৃত ব্যক্তিকে সোমবার, ১৭ ফেব্রুয়ারি দুপুরে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, নাসির ঢালি দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করাতে সাহায্য করছিল।

এদিকে, বাংলাদেশে বর্তমানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে, বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশের চেষ্টাও বেড়ে গেছে বলে মনে করছে পুলিশ। সম্প্রতি নদিয়া জেলার গাংনাপুর থানাও একাধিক অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের সহায়তা করা অভিযোগে এক দালালকে গ্রেফতার করেছে। গাংনাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল মণ্ডল নামে এক দালালকে সবাইপুর এলাকায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আনার পাশাপাশি তাদের লুকিয়ে রাখত। সিরাজুল মণ্ডলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একাধিক মামলা ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এর আগে, নদিয়া জেলার চাকদা থানার আলাইপুর এলাকায় জাল পাসপোর্ট কাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ, যিনি গার্মেন্টস ব্যবসায়ী বলে পরিচিত। ধীরেন ঘোষ জানিয়েছিলেন, তিনি গার্মেন্টসের ব্যবসা করেন এবং কলকাতায় তার মহাজন রয়েছে, কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাড়িতে কখনও গার্মেন্টসের মালামাল নজরে পড়েনি। তিনি একজন মিশুক প্রকৃতির মানুষ ছিলেন এবং মাঝে মাঝে বাংলাদেশ থেকে তার শশুর-শাশুড়ি আসতেন, তবে কোনো ঝামেলা ছিল না।

বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে ভারতে প্রবেশের প্রচেষ্টা প্রতিরোধে পুলিশ আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই চক্রের অন্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।