“সৌন্দর্য আজ আছে কাল নেই”- পুত্রবধূ ঐশ্বরিয়ার প্রসঙ্গে যা বললেন অমিতাভ

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ৫০ বছরে পা দিয়েও এখনও রুপালি পর্দার মুগ্ধতার কেন্দ্রবিন্দু। তার চোখধাঁধানো সৌন্দর্য এবং মুগ্ধ হাসি এখনও দর্শকদের মনে দোলা দিয়ে যায়। যদিও গত কয়েক বছরে তার চেহারা এবং পোশাক নিয়ে নানা সমালোচনা হয়েছে, তবুও তার আকর্ষণ কখনও কমেনি।
ঐশ্বরিয়া রাই বচ্চনের বয়স ৫০ হলেও, তার সৌন্দর্য এখনও একেবারে অটুট। তার নীল চোখের চাহনি এবং অমায়িক হাসি এখনো অনেককে মোহিত করে। যদিও রুপালি পর্দা থেকে তিনি বেশ দূরে সরে গেছেন এবং পরিবার এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটানোর জন্য সিনেমা থেকে বিরতি নিয়েছেন, তবে আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি এখনও একাধিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
গত বছর থেকে বচ্চন পরিবারের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল, ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে বছর শেষে এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতেই ঐশ্বরিয়া সম্পর্কে শ্বশুরমশাই অমিতাভ বচ্চনের মন্তব্য আরও একবার আলোচনায় এসেছে।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ রিয়্যালিটি শোতে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি বিশেষ পর্বে উপস্থিত হন ঐশ্বরিয়ার এক খুদে অনুরাগী। ওই কিশোরী অমিতাভের মুখোমুখি বসে তার পুত্রবধূর সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করেন। কিশোরী তার শ্বশুরমশাই থেকে জানতে চান, ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্যের কোনো টিপস তিনি দেবেন কিনা।
অমিতাভ বচ্চন তার উত্তরে বলেন, “আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের, আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।”
অমিতাভের এই মন্তব্য নতুন করে আলোচনা শুরু করেছে। বিশেষ করে তার উক্তির মধ্যে যে দার্শনিকতা রয়েছে, তা অনেকেই গভীরভাবে পর্যালোচনা করছেন। তিনি কি কেবলমাত্র একটি সাধারণ নীতিশিক্ষা দিলেন, নাকি তার বক্তব্যে কোনো বিশেষ ইঙ্গিত ছিল?
এই মন্তব্য এবং ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে এখনো নানা আলোচনা চলছে। তবে, এক কথায় বলা যায়, ৫০ বছর বয়সেও ঐশ্বরিয়া রাই বচ্চন তার অপূর্ব সৌন্দর্য এবং ব্যক্তিত্ব দিয়ে ইন্ডাস্ট্রিতে এক অবিস্মরণীয় স্থান তৈরি করেছেন।