বড় সাফল্য লাভ ভারতের, ২৬/১১-র অন্যতম চক্রীকে প্রত্যর্পণে সায় আমেরিকার, শুরু হলো তোড়জোড়

২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। এর ফলে রানাকে ভারতে ফিরিয়ে এনে বিচার করার পথে আর কোনও বাধা রইল না। এটিকে ভারতের একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে।

২০০৮ সালের ভয়াবহ মুম্বই হামলার অন্যতম চক্রী এই তাহাউর রানা। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান এই নাগরিকের প্রত্যর্পণ দীর্ঘদিন ধরে চাইছিল ভারত সরকার। অবশেষে আমেরিকার সর্বোচ্চ আদালত সেই আবেদনে সাড়া দিল।

৬৩ বছর বয়সী তাহাউর বর্তমানে লস অ্যাঞ্জেলসের একটি কারাগারে বন্দী রয়েছে। ২০০৯ সালে এফবিআই তাকে শিকাগো থেকে গ্রেফতার করে। সে পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং লস্কর-ই-তইবাকে সাহায্য করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, হেডলি এই হামলার ঘটনায় আমেরিকায় ৩৫ বছরের কারাদণ্ড ভোগ করছে।

তাহাউর আমেরিকার সুপ্রিম কোর্টে তার প্রত্যর্পণকে চ্যালেঞ্জ জানিয়েছিল। কিন্তু আদালত তার সেই আবেদন খারিজ করে দিয়েছে। যার ফলে তাকে ভারতে প্রত্যর্পণের সমস্ত আইনি বাধা দূর হলো।

২০০৮ সালের ২৬শে নভেম্বর লস্কর-ই-তইবার ১০ জন সশস্ত্র জঙ্গি সমুদ্রপথে মুম্বইয়ে প্রবেশ করে এবং একাধিক স্থানে হামলা চালায়। এই হামলায় ১৬৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যার মধ্যে ৬ জন আমেরিকান নাগরিকও ছিলেন। এই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত তাহাউর রানার বিচার এখন ভারতেই হবে।