“হাতি ৬১৫০ টাকা, ঘোড়া ৩০৭৫ টাকা”-দিল্লি ভোটে খরচ বেঁধে দিল কমিশন

মরা হাতির দাম কত, তা বলা কঠিন, কিন্তু জীবিত হাতির জন্য ৬,১৫০ টাকার বেশি দেওয়া যাবে না! তেমনই, ‘ডার্ক হর্স’ হলেও ঘোড়ায় চড়তে খরচ করতে পারবেন মাত্র ৩,০৭৫ টাকা। এই খরচ বেঁধে দিয়েছে খোদ জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি বিধানসভা ভোটের প্রচারে কোন খাতে সর্বোচ্চ কত খরচ করা যাবে, তার তালিকা দলগুলির কাছে পাঠানো হয়েছে। সেই তালিকায় ‘আলপিন থেকে হাতি’—সব কিছুর দাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

লোকসভা বা বিধানসভা ভোটে প্রার্থীদের খরচে লাগাম পরানো কমিশনের পুরনো চেষ্টা। কিন্তু এই প্রথম আইটেম ধরে ধরে খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল, যা দেশের মধ্যে দিল্লির ভোটেই প্রথমবার করল কমিশন। প্রার্থী পিছু মোট ৪০ লক্ষ টাকার খরচের সীমা আগে যেমন ছিল, তেমনই আছে। কমিশন সূত্রে খবর, দিল্লির ভোটে এই পদ্ধতি সফল হলে, দেশের অন্য ভোটেও এই নিয়ম চালু হবে। কমিশনের দাবি, ভোটে কালো টাকার ব্যবহার ঠেকাতেই এই পরিকল্পনা।

দিল্লি দখলের লড়াই চলছে পুরোদমে। ৫ ফেব্রুয়ারি বিধানসভা ভোট। কমিশনের এই নতুন তালিকা নিয়ে সব দলের মুখেই কুলুপ। পায়ে বেড়ি পরানো হচ্ছে বুঝেও আপ, বিজেপি, কংগ্রেস-সহ সব দলের নেতৃত্ব বলছে, তারা এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলবে।

কীভাবে বাঁধা হয়েছে খরচ?

ধরা যাক হাতির কথা। কমিশন জানিয়েছে, কোনো প্রার্থী হাতি ব্যবহার করতে চাইলে প্রতি হাতি পিছু দিনে সর্বাধিক ৬,১৫০ টাকা খরচ করতে পারবেন। ঘোড়ার ক্ষেত্রে সেই খরচ ৩,০৭৫ টাকা। চা এর ক্ষেত্রে প্রতি কাপ ৬ টাকা এবং কফির জন্য ১২ টাকা খরচ ধরা হয়েছে। শিঙাড়া, লাড্ডু, ব্রেড পকোড়া, গুলাব জামুনের মতো খাবারের জন্য খরচ করা যাবে সর্বাধিক ১২ টাকা। প্রতিটি কলমের দাম ৬ টাকার বেশি করা যাবে না।

কোনো সভা-সমাবেশে ড্রোন ব্যবহার করতে চাইলে দিন প্রতি সর্বাধিক ৭,০০০ টাকা খরচ করা যাবে। গাঁদা ফুলের ছোট মালার জন্য ২০ টাকা এবং ১০ ফুটের বেশি বড় গাঁদার মালার জন্য সর্বাধিক ১,৫০০ টাকা খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, দু’হাজার লোকের জমায়েতের জন্য খরচ করা যাবে সর্বাধিক ৩০ হাজার টাকা। এর পর ভিড় বাড়লে খরচ বাড়বে সমানুপাতিক হারে।

তালিকা নিয়ে কেউ কিছু না বললেও প্রার্থীদের অনেকেই একান্তে মেনে নিচ্ছেন যে, তালিকা তৈরির আগে কমিশনের প্রতিনিধিরা দিল্লির বিভিন্ন প্রান্তে গিয়ে জিনিসের দাম খতিয়ে দেখেছেন। না হলে বাজারদরের সঙ্গে এমন সামঞ্জস্যপূর্ণ তালিকা তৈরি করা যেত না।