ক্রিকেট ছেড়ে পিকলবলে ঋষভ পন্ত! মুম্বই পিকল পাওয়ারের সহ-মালিক হলেন তারকা ক্রিকেটার

ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত এবার নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠের পাশাপাশি এবার তিনি পিকলবলের দুনিয়াতেও পা রাখলেন। আসন্ন ওয়ার্ল্ড পিকলবল লিগে (ডব্লিউপিবিএল) মুম্বই পিকল পাওয়ার দলের সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা এই খেলার প্রচার ও প্রসারে ঋষভের যোগদান উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে।

দলটির মালিকানা লাভের পর ঋষভ পন্ত বলেন, “পিকলবল নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এই খেলাটি পছন্দ করি। খেলাটিকে আরও জনপ্রিয় করে তোলার জন্য আমি ওয়ার্ল্ড পিকলবল লিগে বিনিয়োগ করতে চেয়েছিলাম। সুইগির চেয়ে ভালো সঙ্গী আমি পেতাম না, কারণ আমরা উভয়েই পিকলবলের জনপ্রিয়তা এবং উত্তেজনা বাড়াতে একইরকম দৃষ্টিভঙ্গি রাখি।”

পিকলবল বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করছে এবং বিভিন্ন বয়সের মানুষ এই খেলার প্রতি আকৃষ্ট হচ্ছেন। আশা করা হচ্ছে, আগামী দিনে ভারতেও এই খেলাটি বেশ জনপ্রিয়তা পাবে। সেই লক্ষ্যে আয়োজকরা ঋষভের মতো তারকা ক্রিকেটারদের এই প্রতিযোগিতার সাথে যুক্ত করতে চাইছেন। ভারতে ক্রিকেটের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পিকলবলকে জনপ্রিয় করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় গৌরব নাটেকার এবং আরতি পোনপ্পা নাটেকার দ্বারা প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড পিকলবল লিগ (ডব্লিউপিবিএল) ২৪ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। প্রথম ম্যাচে মুম্বই পিকল পাওয়ার পুনে ইউনাইটেডের মুখোমুখি হবে। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (ব্র্যাবোর্ন স্টেডিয়াম)-এ ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাগুলি ফ্যানকোডে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রসঙ্গত, ঋষভ পন্ত বর্তমানে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন। গতকাল সৌরাষ্ট্রের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে ব্যর্থ হন এবং মাত্র ১ রান করে আউট হন। এখন দেখার বিষয়, দ্বিতীয় ইনিংসে তিনি কেমন পারফর্ম করেন।