“সীমান্তবর্তী না হয়েও বাংলাদেশি সঙ্কট”-জাল ভোটার কার্ড নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়কের

বাংলাদেশ সঙ্কটের মধ্যে সীমান্তে চাপা উত্তেজনা বেড়েই চলেছে। প্রায়শই বিজিবি ও বিএসএফ মুখোমুখি হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলির পাশাপাশি এবার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
বাঁকুড়ার ওন্দা ব্লকের মাঝডিহা এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে বিধায়ক কর্মীদের সতর্ক করে বলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ছদ্মবেশে প্রবেশ করেছে এবং ভোটার কার্ড তৈরি করে আস্তানা গেড়েছে। তিনি সন্দেহভাজন নাগরিকদের নথি যাচাই করার পরামর্শ দেন।
রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ একটি আলোচিত বিষয়। সীমান্তবর্তী জেলাগুলিতে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশ নিয়ে অশান্তি হচ্ছে। বিধায়ক মনে করেন, সীমান্ত জেলা না হওয়া সত্ত্বেও বাঁকুড়াতেও ছদ্মবেশে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে এবং ভোটার কার্ড তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছে। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগও করেন। তিনি আরও দাবি করেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডেও প্রবেশ করছে এবং আদিবাসীদের বিয়ে করে তাদের জমিজমা দখল করছে।
বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে শাসক দল তৃণমূল এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের নেতারা বলছেন যে বিধায়ক এমন উস্কানিমূলক মন্তব্য করে শুধুমাত্র প্রচার পেতে চাইছেন।