“HMPV কোনও নতুন ভাইরাস নয়”-জেনেনিন কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী? ভারতে আরও দুজন আক্রান্ত

হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এই ভাইরাসটি নতুন নয় এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মন্ত্রক জানিয়েছে যে HMPV ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে প্রচলিত রয়েছে।
মহারাষ্ট্রে দুই বালকের শরীরে HMPV এর সন্ধান:
আজ মহারাষ্ট্রে আরও দুটি HMPV সংক্রমণের ঘটনা ঘটেছে। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৭ বছর এবং অন্যজনের ১৪ বছর। এই নিয়ে দেশে মোট ৭টি HMPV পজিটিভ কেস পাওয়া গেছে।
পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র:
সোশ্যাল মিডিয়ায় চিনের হাসপাতালগুলির ভিড়ের ছবি ভাইরাল হওয়ার পরে দেশজুড়ে HMPV নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতেও ৫ জন শিশুর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যার মধ্যে একজন কলকাতার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
HMPV কোনও নতুন ভাইরাস নয়:
স্বাস্থ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন যে HMPV কোনও নতুন ভাইরাস নয়। এটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়েছিল এবং তখন থেকেই এটি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এই ভাইরাস সব বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। শীতকালে এর প্রকোপ বাড়ে এবং বসন্তের শুরুতেও এটি ছড়িয়ে পড়তে দেখা যায়।
ICMR-এর পর্যালোচনা:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে ICMR-এর পর্যালোচনা ও ডেটা অনুযায়ী, ভারতে শ্বাসনালীর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তাই চিন্তার কোনও কারণ নেই।
৪ রাজ্যে অ্যাডভাইজারি জারি:
HMPV নিয়ে ইতিমধ্যেই দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাট এই চারটি রাজ্য অ্যাডভাইজারি জারি করেছে। এই রাজ্যগুলির হাসপাতালগুলিকে পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখতে এবং কোনও রোগীর শরীরে HMPV ধরা পড়লে সরকারকে জানাতে ও সেই রোগীকে আইসোলেশনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।