ইসরাইলি বন্দির নতুন ভিডিও প্রকাশ করল হামাস, প্রবল চাপে নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বন্দি থাকা লিরি আলবাগ নামে এক ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরাইলি বন্দিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি।
ভিডিওতে ১৯ বছর বয়সি লিরি বলেছেন, তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিল না। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে।
কাতারের দোহায় শুক্রবার থেকে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে বন্দির ভিডিও প্রকাশ করে ইসরাইলি প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস।
লিলির বাবা-মা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে বন্দিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন, ‘মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন’।
এক বিবৃতিতে পরিবার বলেছে, হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না।
এতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, লিরি বেঁচে আছে এবং তাকে আমাদের মাঝে জীবিত ফিরিয়ে আনতে হবে। এটা শুধুমাত্র আপনার (নেতানিয়াহুর) উপর নির্ভর করে।
হামাসের হাতে আটক হওয়ার আগে লিরি ইসরাইলি সেনাবাহিনী নজরদারি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। হামাসের হাজার হাজা যোদ্ধারা যখন সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করেছিল, লিরি তখন নাহাল ওজ সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। ওই সময় হামাসের তাৎক্ষণিক হামলায় ১৫ নজরদারি সৈন্য নিহত হয় এবং লিরিকেকে অন্য ছয়জনের সাথে গাজায় অপহরণ করা হয়।