ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে থানায় ডেকে হেনস্থা, সময় চাইল রাজ্য, আজ আদালতে হবে শুনানি

ফোর্থ স্টেজ ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তিকে রাতে অ্যাম্বুলেন্সে করে থানায় আসতে বাধ্য করা এবং প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় শুনানির জন্য হাইকোর্টের কাছে সময় চেয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে লেক থানা থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট হাইকোর্টে এসে পৌঁছায়নি। ফলে মামলাকারীর আইনজীবীর অভিযোগ শোনার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এই মামলার শুনানি আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিচারপতি ঘোষ মন্তব্য করেন, “মানবিক মুখ নিয়ে রাজ্য আদালতে আসবে, এটাই আমি আশা করব।” যদিও অভিযোগ উঠেছে যে, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে থানায় হাজিরা দিতে বাধ্য করার পরেও সেই তদন্তকারী অফিসার তাঁঁকে পুনরায় মঙ্গলবার থানায় তলব করেছেন। এই পরিস্থিতিতে পুলিশের মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

সম্প্রতি অন্য একটি মামলায় বিচারপতি ঘোষ এক পুলিশ অফিসারের ঔদ্ধত্যপূর্ণ আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন, “সমাজে সরকারের তরফে পুলিশই সবচেয়ে বেশি মানুষের কাছে থাকে। তাই মানুষের কাছে পুলিশই সরকারের প্রতিচ্ছবি। পুলিশের আচরণ সরকারের উপর প্রভাব ফেলে।” এদিনের মামলায় আদালত রাজ্যকে সময় দিলেও মৌখিকভাবে জানায় যে মঙ্গলবার শুনানির আগে যেন পুলিশ তাদের তলবি নোটিস কার্যকর করার চেষ্টা না করে।

অভিযোগকারী বৃদ্ধ দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদে পুলিশ এক পক্ষের হয়ে অন্য পক্ষকে ভয় দেখাচ্ছে এবং থানাতেই ‘খাপ পঞ্চায়েত’ বসিয়ে মোটা টাকা দাবি করা হয়েছে। এই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে পুলিশ কী ব্যাখ্যা দেয়, সেদিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা।