মার্কিন নির্বাচন: যে উপায়ে জয় পেতে পারেন কমলা? জেনেনিন হিসেবের পরিসংখ্যান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীর ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি প্রয়োজন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির জন্য জনসংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ রয়েছে। কিছু অঙ্গরাজ্যের ভোটাররা অতীতের ধারাবাহিকতায় একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট দিয়ে থাকেন, তবে ‘ব্যাটলগ্রাউন্ড’ বা ‘সুইং স্টেটের’ ভোটাররা সিদ্ধান্ত পরিবর্তন করে থাকেন, যা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস সহজেই ২২৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটে পৌঁছাতে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জিততে হবে। এই সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং নেভাদা উল্লেখযোগ্য।
তবে প্রাথমিক ফলাফল অনুযায়ী, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বেশি দেখা যাচ্ছে। এ অবস্থায় হ্যারিসের জয়ের সম্ভাব্য পথ হতে পারে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে বিজয় লাভ, যা ঐতিহ্যগতভাবে ‘ব্লু ওয়াল’ বা ডেমোক্র্যাটিক শক্তির অঞ্চল নামে পরিচিত।