সাতসকালে বোমাবাজি, মালদায় কংগ্রেস নেতার মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়

মালদার মানিকচকের ধরমপুর বাজারে সকালে বোমা হামলায় এক কংগ্রেস নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম মহম্মদ সইফুদ্দিন আহমেদ। ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রবিবার সকালে জনবহুল এই বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সইফুদ্দিন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন এবং তিনি বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বোমার আঘাতে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনও অস্পষ্ট। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে।
পরিবারের এক সদস্য বলেন, ‘পরপর দুটি বোমা ছোড়া হয়েছিল। পেছনের দিক থেকে বোমা মারা হয়েছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতীরা।’