অডিয়ো ক্লিপ বিতর্কে আটক ডিওয়াইএফআই নেতা কলতান, শোরগোল রাজ্যজুড়ে

তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরে, সঞ্জীব দাসের পর এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকেও পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেন যে, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে হামলা চালানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

পুলিশ এই অভিযোগের ভিত্তিতে সঞ্জীব দাসকে আগেই গ্রেপ্তার করেছিল। এবার কলতান দাশগুপ্তকেও এই অডিয়ো ক্লিপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

কুণাল একটি অডিয়ো সামনে এনে দাবি করেছিলেন, একজন অতি বাম সংগঠনের সঙ্গে যুক্ত, অপরজন বাম যুব সংগঠনের সঙ্গে যুক্ত। এ বার এই ঘটনায় বামেদের যুব সংগঠনের অন্যতম মুখ কলতান দাশগুপ্তকে আটক করেছে পুলিশ, সূত্রের খবর এমনটাই। অডিয়ো ক্লিপের সূত্র ধরেই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

ডিওয়াইএফআই-এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এই গ্রেপ্তারিকে অবৈধ বলে দাবি করেছেন এবং আইনজীবীদের মাধ্যমে এই বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।