সন্দীপ ঘোষের কথা বিশ্বাস করতে পারছে না CBI? পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল গোয়েন্দারা

আরজি কর হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই সন্দীপ ঘোষকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাঁর উত্তরগুলোতে সিবিআই সন্তুষ্ট নয় বলে মনে করা হচ্ছে। এই কারণেই সন্দীপ ঘোষের পাশাপাশি, মৃতার সঙ্গে শেষ ডিনার করেছিলেন এমন চারজন ইন্টার্ন ডাক্তারের পলিগ্রাফ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।

বৃহস্পতিবার আদালত এই অনুরোধ মঞ্জুর করেছে। পলিগ্রাফ টেস্টে একজন ব্যক্তির শারীরিক প্রতিক্রিয়া পরিমাপ করা হয়। মিথ্যা বললে শারীরিক প্রতিক্রিয়ায় পরিবর্তন হয়, যা এই পরীক্ষায় ধরা পড়ে। তবে এই পরীক্ষার ফলাফল সবসময় নির্ভরযোগ্য হয় না।

সিবিআই মনে করছে, এই টেস্টের মাধ্যমে তারা জানতে পারবে যে, জেরার সময় সন্দীপ ঘোষ এবং অন্যরা যেসব তথ্য দিয়েছেন, সেগুলি সত্যি কি না।

গত কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার রাতে তার গাড়ি বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হয়। তার গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আরজি কর ঘটনার পর থেকে সন্দীপের পদত্যাগ দাবি করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। আন্দোলনের চাপে তাকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হলেও, সেখানেও তাকে অপসারণ করা হয়েছে।