ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি বাংলাদেশে, থমকে গেলো ট্রেন চলাচল

বাংলাদেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফেনী ও কুমিল্লাসহ ৯টি জেলা প্লাবিত হয়েছে এবং প্রায় ২৯ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে।
এই দুর্যোগের কারণে চট্টগ্রাম থেকে সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে রেলপথ ও সেতুগুলি জলে ডুবে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন সম্পূর্ণ জলে ডুবে গিয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মহম্মদ নাজমুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
নাজমুল ইসলাম বলেন, ‘বন্যার পরিস্থিতি খুবই খারাপ। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে জল যাচ্ছে। একই অবস্থা সিলেটের একটি রেলসেতুতেও। চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনেও পাহাড়ে ধস নেমেছে। এই অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। তাই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’