রাহুলের সেলাই করা সেই জুতোর দাম উঠল ১০ লাখ! তবে বেচতে নারাজ ‘মালিক-মুচি’

উত্তরপ্রদেশের সুলতানপুরের এক সাধারণ মুচি রাম চেটের জীবনে হঠাৎ করেই এসেছে এক অবিশ্বাস্য পরিবর্তন। রাহুল গান্ধীর একটি সামান্য পরিদর্শন তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে।

দিন কয়েক আগে রাহুল গান্ধী সুলতানপুরে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন। ফিরতি পথে তিনি হঠাৎ রামের ছোট্ট জুতো সারাইয়ের দোকানে ঢুকে পড়েন। তিনি রামের সঙ্গে কথা বলেছিলেন, তার কাজ দেখেছিলেন এবং তার জীবন সম্পর্কে জানতে চেয়েছিলেন। এই ছোট্ট ঘটনাটিই রামের জীবনে এক বিপ্লব ঘটিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল এবং রামের এই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে রামের জীবন যেন একদম বদলে গেছে। রাহুলের এই ছোট্ট উদ্যোগে রামের কদর দিন দিন বাড়তে থাকে। রামের দোকানে এখন মানুষের ভিড় জমতে শুরু করেছে। অনেকে তার সঙ্গে সেলফি তুলতে চান, অনেকে আবার তার সঙ্গে গল্প করতে চান।

সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, রাহুল যখন রামের দোকানে বসে জুতো সেলাই করেছিলেন, সেই জুতোটিকে কেউ কেউ ১০ লক্ষ টাকায় কিনতে চেয়েছিল! কিন্তু রাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বলেছেন, সেই জুতো তার জন্য অমূল্য এবং তিনি তা কখনোই বিক্রি করবেন না।