‘ওল্ড ইজ গোল্ড’, ফের দলকে বার্তা দিলেন দিলীপ ঘোষ

রাজনীতির ময়দানে প্রায়ই চর্চায় থাকেন দিলীপ ঘোষ। ভোটে হেরে যাওয়ার পরেও সারাদিন আছেন দিব্যি জোশে। ঘুরছেন বিভিন্ন এলাকায় ও নিয়মিত সংবাদ মাধ্যমকে দিচ্ছেন সাক্ষাৎকার।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি। সেখানে তিনি লিখেছেন, ‘ওল্ড ইজ গোল্ড’। এর বাংলা তর্জমা করলে দাঁড়াই, পুরনো জিনিস সোনা। এই তিনটি শব্দের বাইরে কোনও অর্থ, বাক্য তিনি ব্যয় করেননি। কিন্তু, এই তিনটি শব্দই তাঁর মনের ভাব বোঝানোর জন্য যথেষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্প্রতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, ‘দলের প্রতিষ্ঠিত নেতাদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল? লোকে হেরে যাওয়া আসন জেতার জন্য পরিকল্পনা করে। এতো জেতা আসনে হারার পরিকল্পনা হয়েছে বলে মনে হচ্ছে।’

পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীর একটি উক্তি পোস্ট করে তা অত্যন্ত সময়োপযোগী বলে দাবি করেছিলেন দিলীপ। সেই উক্তিতে লেখা ছিল, ‘দলের একজন পুরনো কর্মীকেও ভাঙতে দেওয়া যাবে না। প্রয়োজনে নতুন কার্যকর্তাদের দশ জন আলাদা হয়ে যাক। কারণ আমাদের জয়ের গ্যারান্টি পুরনো কার্যকর্তারা।’