রেমালের প্রভাব কাটতেই ফের দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বৃষ্টির পূর্বাভাস! কি বলছে হাওয়া অফিস?

রেমালের প্রভাব কাটতেই ফের দক্ষিণবঙ্গে মাথা তুলেছে গরমের দাপট। মঙ্গলবার থেকেই চড়া রোদের তীব্রতা অনুভব করছেন দক্ষিণবঙ্গবাসী।
তবে এই উষ্ণতার দাপট যখন দক্ষিণবঙ্গে তীব্র, উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া অফিস জারি করেছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিসের মতে, অসমে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচদিন ধরে উত্তরের তিন জেলা – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিকিমে অবিরাম বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। মাল মহকুমার অন্তর্গত টোটগাঁও এলাকায় গ্রামের গা ঘেষে বইছে তিস্তার জল।
এদিকে, দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যে কেরল ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের দাপট বজায় থাকবে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় গরমের সাথে মানিয়ে নিতে হবে।