প্রধানমন্ত্রীর ৮০ লাখের বকেয়া হোটেল বিল? ‘ফকির আদমি’ প্রসঙ্গ তুলে কটাক্ষ তৃণমূলের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার কর্ণাটকের একটি বিলাস বহুল হোটেলে কেন্দ্র সরকারের ৮০ লক্ষ টাকার বিল বকেয়া নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুর মাইসুরুর একটি বিলাসবহুল হোটেলে ৮০ লাখ ৬০ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। প্রধানমন্ত্রীকে আপ্যায়নের জন্যই জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (NTCA)-কে ওই বিল পাঠিয়েছিল কর্নাটকের মাইসুরুর সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষ। রবিবার হোটেলের পক্ষ থেকে জানানো হয়, ১ জুনের মধ্যে বিল না পেলে তারা আদালতের দ্বারস্থ হবে।
যদিও এই পরিস্থিতিতে কর্নাটকের বন ও পরিবেশমন্ত্রী তথা কংগ্রেসের নেতা ঈশ্বর খাণ্ডারে সোমবার বলেন, ‘আমরা ওই হোটেলের বিল মিটিয়ে দেব।’
এ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে দলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে লেখা হয়, ‘আরে হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পরেঙ্গে জি।’ তারপরই লেখা হয়, ‘ফকির আদমির হোটেল বিল ৮০ লাখ টাকা। ঠিক এভাবেই ফকির আদমির জীবনযাত্রার জন্য করদাতাদের লুট করা হচ্ছে। যা অত্যন্ত লজ্জাজনক।’