SPORTS: ‘টি-২০ বিশ্বকাপের চেয়েও বড় আইপিএল’-জানালেন KKR মেন্টর গম্ভীর

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে খেলতে উন্মুখ থাকেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই লিগটি নিয়ে ভারতীয়দের পাশাপাশি বিদেশের অনেক তারকা ক্রিকেটাররাও লিগটি নিয়ে পঞ্চমুখ।
ক’দিন পরেই মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। এর আগে বৈশ্বিক টুর্নামেন্টের সঙ্গে আইপিএলের তুলনা করেছেন গৌতম গম্ভীর। যেখানে তিনি আইপিএলকেই এগিয়ে রেখেছেন।

কলকাতা নাইট রাইডার্সে মেন্টর বলেছেন, ‘আইপিএলের অধিকাংশ দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। কারণ পয়েন্ট টেবিলের শীর্ষ এবং তলানির দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য। যদি দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ খেলা হতো তখন সবার নিচের দল শীর্ষ দলকে হারিয়ে দিলেও অবাক হতাম না। এটাই আইপিএলের সৌন্দর্য। এ কারণেই আমরা বলি বিশ্বের সবচেয়ে কঠিন লিগ আইপিএল। আর আমার মতে আইপিএল টি-২০ বিশ্বকাপের চেয়েও বড়।’

আইপিএলের বিষয়ে গম্ভীর আরো বলেছেন, ‘আমি কখনো ভবিষ্যদ্বাণী করতে পারব না কোন দল জয় পাবে। পূর্বানুমান করা একেবারই অসম্ভব। কারণ শীর্ষ চার এবং শেষ চারের মধ্যে পয়েন্টের পার্থক্য খুবই সামান্য।’

রোববার চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।