বাসের সামনের অংশটা আর নেই! ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে বাস-ট্রাকের মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের

শুক্রবার সকালে দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে মুখোমুখি সংঘর্ষে একটি মিনিবাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
জানা গেছে, বাসটিতে করে বৈষ্ণোদেবী যাত্রীরা ছিলেন। উত্তর প্রদেশ থেকে জম্মু যাওয়ার পথে আম্বালার কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসে একই পরিবারের ৩০ জন সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দিল্লি-জম্মু জাতীয় সড়কের উপরে একটি ট্রাক যাচ্ছিল। পিছনেই ছিল মিনিবাসটি। হঠাৎ ট্রাকটি কোন কারণে ব্রেক মারে। পিছনের মিনিবাস চালক ব্রেক মারার চেষ্টা করলেও সময় থাকে না এবং সজোরে ধাক্কা মারে ট্রাকের পিছনে।
এই ধাক্কায় মিনিবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজন মৃত্যুবরণ করেন। আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পরে ট্রাকটিকে আটক করা হয়।
বাসের একজন যাত্রী জানিয়েছেন, ট্রাকের সামনের একটি গাড়ি হঠাৎ মোড় নিয়ে পেট্রোল পাম্পে ঢোকার চেষ্টা করে। দুর্ঘটনা এড়াতে ট্রাক চালক সজোরে ব্রেক কষেন। দ্রুতগতিতে আসা মিনিবাসটি হঠাৎ থেমে যাওয়া ট্রাকের পিছনে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় বৈষ্ণোদেবী যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।