“জৈবিক ভাবে জন্মাইনি! আমি ঈশ্বরের দূত…”,-উপলব্ধির কথা জানালেন নরেন্দ্র মোদী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নরেন্দ্র মোদী সম্প্রতি এক ভাষণে জানিয়েছেন ‘ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করতে শুরু করেছি, জৈবিক পদ্ধতিতে আমার জন্ম হয়নি।’

মনোনয়ন জমার আগে তিনি কাশীতে দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘আমার মা গত হয়েছেন। আমি নিজেকে মা গঙ্গার কোলে সঁপে দিলাম।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সাক্ষাৎকারে দাবি করলেন, ‘আমার জন্ম জৈবিক ভাবে হয়নি। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য আমাকে স্বয়ং ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছেন।’ তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘আপনি কখনও ক্লান্ত হন না কেন?’ তখনই মোদীর ব্যাখ্যা, ‘মা যতদিন জীবিত ছিলেন, আমার মনে হতো আমি হয়তো তাঁর গর্ভ থেকে জৈবিক ভাবেই জন্মেছি। কিন্তু, মা চলে যাওয়ার পর আমি সমস্ত অভিজ্ঞতাগুলিকে বিচার করে উপলব্ধি করলাম, এবং তা থেকে নিশ্চিত হলাম, পরমাত্মা ঈশ্বরই আমায় এ পৃথিবীতে পাঠিয়েছে। তিনিই আমায় দিয়ে সব কাজ করাচ্ছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হয়তো আমি ভুল হতে পারি। আমার সমালোচক এবং বামপন্থীরা তো আমাকে ছিঁড়ে খাবে। চুল কেটে নেবে। তাও বলছি পরমাত্মা ঈশ্বরই আমাকে পাঠিয়েছেন। এই শক্তি জৈবিক দেহ থেকে উৎপন্ন হতেই পারে না। আমাকে তা ঈশ্বর দিয়েছেন তাঁর কিছু কাজ করে দেওয়ার জন্য।’

নরেন্দ্র মোদীর আরও ব্যাখ্যা, ‘ভগবান আমায় যোগ্যতা, অনুপ্রেরণা, সুচিন্তা এবং ধর্ম-অর্থ-কাম-মোক্ষর মতো গুণগুলি দিয়েই পাঠিয়েছেন। তিনিই আমায় সব কাজ সম্পন্ন করার শক্তি জুগিয়ে চলেছেন। আমি কে, আমি একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। আমি যা করি মনে করি ঈশ্বরই তা আমার থেকে পেতে চাইছেন, তাই এ ভাবে করিয়ে নিচ্ছেন। তিনিই পথ দেখাচ্ছেন।’