“প্রধানমন্ত্রী যখন নিজেকে শাহেনশাহ এবং তাঁর প্রজারা তাঁকে ভগবান মনে করেন”

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্যে শোরগোল দেশের রাজনীতিতে। মূলত ওড়িশায় ভোট প্রচারে যান মোদী। সেখানে সম্বিত পাত্রকে নিয়ে প্রচারের বের হবার আগে প্রধানমন্ত্রী পুজো দেন জগন্নাথ মন্দিরে। আর সেই সময় সম্বিত পাত্র সাংবাদিকদের সামনের মুখোমুখি হয়ে বলেন ”লাখ লাখ মানুষ আজ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার।”

আর সেই মন্তব্য নিয়ে শোরগোল ও বিতর্ক শুরু হতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নেন সম্বিত পাত্র।

মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত জানতেন ভারতের অন্ধকার অধ্যায় মোদীর শাসনে আসবে, যখন ভগবান জগন্নাথকেও BJP নিজের অধীনস্ত করার চেষ্টা চালিয়ে যাবে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।’

সাকেত গোখলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখেন, ‘BJP-র সম্বিত পাত্র একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছেন। প্রভু জগন্নাথ মোদীর ভক্ত। মোদী কি এখন BJP-র কাছে ঈশ্বরের উপরে? তার অহং কি এতটাই নিয়ন্ত্রণের বাইরে? ধর্ম নিয়ে রাজনীতি BJP-র অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু, এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং কল্পনার অতীত।’

রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন “প্রধানমন্ত্রী যখন নিজেকে শাহেনশাহ এবং তাঁর প্রজারা তাঁকে ভগবান মনে করেন, তখন বুঝতে আর বাকি থাকে না, পাপের ঘড়া পূর্ণ হওয়ার সময় এসেছে। কোটি কোটি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার BJP-কে কে দিয়েছে? এই অহংকারই ওদের বিনাশ ডেকে আনছে।’

BJD সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাপ্রভু শ্রী জগন্নাথ মহাবিশ্বের প্রভু। তাঁকে একজন মানুষের ভক্ত বলা ভগবানের অসম্মান। কোটি কোটি জগন্নাথ ভক্ত এবং ওডিশার মানুষের ধর্মীয় ভাবাবেগে চূড়ান্ত আঘাত করা হয়েছে। ওডিশার অস্তিত্বের প্রতীক ভগবান জগন্নাথদেব। তাঁকে অপর এক মানুষের ভক্ত হিসেবে উল্লেখ করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। BJP-র পুরী লোকসভা কেন্দ্রের প্রার্থীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করছি। রাজনৈতিক পরিসর থেকে ভগবান জগন্নাদেবকে বাদ রাখুন, BJP-র কাছে আর্জি রইল। এ কথা বলে BJP ওডিয়া অস্তিত্বকে আঘাত করেছে। ওডিশার মানুষ এ কথা মনে রাখবে এবং এর যোগ্য জবাব দেবে।’