ISRLvsHAM: গাজার উত্তরাঞ্চলেও হামলা জোরদার করেছে ইসরায়েল, চলছে তুমুল লড়াই

হামাসকে নির্মূলে রাফাহ শহরের পাশাপাশি এবার উত্তর গাজায়ও হামলা আরো জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার (১৬ মে) থেকে এ হামলা শুরু হয়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়, হামলা জোরদার করায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার বেসামরিকদের জীবন। ইসরায়েলি হামলা থেকে জীবন বাঁচাতে গাজার বহু বাসিন্দা আশ্রয় নেয় রাফায়। শহরটি হয়ে ওঠে গাজার বাসিন্দাদের লাইফলাইন। কিন্তু সেখানেও ইসরায়েলি সেনারা ব্যাপক হামলা শুরু করলে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি, এ নিয়ে মার্কিন সরকারেরও তোপের মুখে পড়ে ইসরায়েল। এবার নেতানিয়াহু সরকার রাফার আগ্রাসন মন্থর রেখে ফের উত্তর গাজায় হামলা শুরু করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা হামাস নির্মূলের জন্য প্রস্তুত। হামাসের সুড়ঙ্গ এবং হামাস যোদ্ধাদের ধ্বংস করতে রাফায় হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে হামাসের কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছি।’
তবে এর জবাবে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, ‘যে কোনো মূল্যে হামাস ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষা করবে।’
এদিকে, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় গেল ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু।