‘১০-২০ তারিখের মধ্যে খুন হতে চলেছে’, বিস্ফোরক সতর্ক বার্তা দিলেন দেব

ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব আশংকা করে জানালেন এক ভয়ানক পরিকল্পনার কথা। তিনি জানান যে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে। নিজেদের কর্মীকে মেরে বিজেপি সেই দশ চাপানোর চেষ্টা করতে পারে তৃণমূলের বিরুদ্ধে।
দেব বলেন, ‘বিজেপির প্রার্থী ও বিজেপি দল জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে খবর আছে, কেশপুরে তারা নিজেদের লোককে মেরে সেই দোষ আমাদের লেকেদের উপরে দিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা বুঝতে পেরে গিয়েছে যে জেতার কোনও রাস্তা নেই। ১০ থেকে ২০ তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের। আমি আগে থেকে বলে রাখছি যে এমন একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। সংবাদমাধ্যমের দ্বারা আমি আগাম জানিয়ে রাখলাম প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে।’
বিজেপি প্রার্থীকে নিশানা করে দেব বলেন, ‘হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ও হেড লাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছে না। ওর দল দশ বছরে কী করেছে, হিরণ নিজে কী করেছে, তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দু’টো পদই তো নিয়ে আছে। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা ভালো, মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে।’
দেব আরও বলেন, ‘আসলে মানুষ ওর সঙ্গে নেই। মানুষ কেন, ওর নিজের দলও ওর সঙ্গে নেই। যে কথাগুলো ও বলছে, ওর দলের একজন নেতাও ওই কথাগুলো বলছেন না। একজন বিধায়ক আছেন, তিনিও কোনওদিন আমার কথা বলেছেন না। ওদের জেলা সভাপতি রয়েছেন, তিনিও কি আমায় নিয়ে কিছু বলছেন? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে, ওকে আমার শুভেচ্ছা রইল।’