BigNews: ‘রাজনীতিতে অপরিপক্ক!’ ভাইপোকে উত্তরাধিকারীর পদ থেকে সরালেন পিসি

মায়াবতী কিছুদিন আগেই দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন তার ভাইপো আকাশ আনন্দ কে। বহুজন সমাজবাদী পার্টির নেত্রী আকাশ কে বসিয়েছিলেন জাতীয় কো-অর্ডিনেটর পদে ও সেই সাথে ঘোষণা করেছিলেন আকাশ হবে তার দলের উত্তরাধিকারী। তবে সেই পিসি এবার ভাইপোকে সমস্ত পদ থেকে সরিয়ে দিলেন। জানালেন দলের বৃহত্তর স্বার্থের কথা ভেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
BSP প্রধান জানিয়েছেন, যতদিন পর্যন্ত আকাশ রাজনীতিতে অভিজ্ঞ হচ্ছে ততদিন এই পদে থাকবেন না তিনি। উল্লেখ্য, BJP-কে নিশানা করেন আকাশ। তারপরেই এই সিদ্ধান্তের কথা জানান মায়াবতী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি আকাশ আনন্দকে BSP-র জাতীয় সমন্বয়ক এবং আমার উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছি। কিন্তু, দল এবং আন্দোলনের বৃহত্তর স্বার্থে, তিনি সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করছে, ততদিন পর্যন্ত এই দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে রাখা হচ্ছে।’
মায়াবতী জানিয়েছেন, তাঁদের দল, BSP, বাবাসাহেব ভীমরাও আম্বেদকার এবং কাশীরামের নীতি এবং আত্মমর্যাদা ও আত্মসম্মানের কথাকে সামনে রেখে কাজ করে। তিনি জানান, আকাশকে এখন দায়িত্ব থেকে দূরে রাখা হলেও, আকাশের বাবা আনন্দ কুমার নিজের দায়িত্ব পালন করবেন। সোশাল মিডিয়াতে মায়াবতী লেখেন, ‘দল ও আন্দোলনের স্বার্থে এবং বাবা সাহেব আম্বেদকরের নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য BSP-র নেতৃত্ব ত্যাগ স্বীকার করতে পিছপা হবে না।’