“কাউকে ঠকাতে চাই না”-গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা করে মাধ্যমিকে তৃতীয় পুষ্পিতা

মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় বেশকয়েকজন ছাত্রীর নাম রয়েছে। মেয়েদের মধ্যে প্রথম বীরভূমের ইলামবাজারের পুষ্পিতা বাঁশুরি।

এই সাফল্যের পর পুস্পিতা জানায়, স্কুলের পড়াশোনা ছাড়াও দিনে কমবেশি ১০ ঘণ্টা পড়াশোনা করত সে। কোনওরকম গৃহশিক্ষক ছাড়াই পড়াশোনা চালিয়ে গিয়েছে পুষ্পিতা। এক্ষেত্রে তার পাশে যেমন বাবা মা সর্বক্ষণ থেকেছেন, তেমনই সহযোগিতা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও তার মায়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

জীবনে ‘ভালো মানুষ’ হতে চায় পুষ্পিতা। কিছুদিন আগে ‘বোকা হতে চাই’ বলে ভাইরাল হয়েছিল বীরভূমের লাভপুরের ছাত্র ঋক বাগদি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। আর পুষ্পিতারও খানিকটা তেমনই ইচ্ছা।

পুষ্পিতা বলে, ‘ওইটুকু একটা বাচ্চার মুখে এই কথা সত্যিই আমাকে অবাক করেছিল, যা তার ভালো মানসিকতা ও শিক্ষার প্রমাণ দেয়। আর আমি নিজে ইঞ্জিনিয়ার হতে চাইলেও তা কাওকে না ঠকিয়ে নিজের যোগ্যতায় হতে চাই।’

পুষ্পিতার মা অবশ্য, যাবতীয় সাফল্যের জন্য মেয়ের অধ্যাবসায়কেই কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘খুবই ভালো লাদগছে, আমার আশা করেছিলাম যে কোনও স্থান পাবে, তবে এতটা ভালো হবে সেটা ভাবিনি।’

আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল জানা যাবে। এর জন্য রোল নম্বর এবং ডেট অফ বার্থ বা জন্ম তারিখের প্রয়োজন রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দুটি ওয়েব সাইট চালু রাখা হয়েছে। এগুলো হল www.wbbse.wb.gov.in ও wbresults.nic.in। এই বার মাধ্যমিক পাশ করেছেন ৭ লাখ ৬৫ হাজার ২৫২ জন। পাশের হার ৮৬.৩১ শতাংশ।