“তৃণমূলের দুর্নীতি ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে”

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
সম্প্রতি হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫৭৫৩ জন। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুলে তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী।
মালদায় (Malda) নির্বাচনি জনসভা থেকে মোদি বলেন, ‘তৃণমূল যুবকদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। ২৬ হাজার পরিবারের রুটি-রুজি শেষ হয়ে গিয়েছে। যুবসমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়েছে তৃণমূল।’
বিরোধীদের কটাক্ষ করে মোদি বলেন, ‘দুর্নীতি করছে তৃণমূল, ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। উন্নয়নের বদলে হাজার হাজার কোটির দুর্নীতি হচ্ছে। বাংলায় কোনও কাজ কমিশনকে ছাড়া হয় না। প্রথমে বামেরা পরে তৃণমূল বাংলার সম্মান নষ্ট করছে।’
মোদি আরও বলেন, ‘কংগ্রেস একটা এক্স-রে মেশিন নিয়ে এসেছে। মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেবে। সেই সম্পত্তি নিজেদের ভোটব্যাংকগুলিকে দেবে। আপনাদের টাকা অন্যদের হাতে চলে যাবে। তৃণমূল কিন্তু এর বিপক্ষে কোনও কথা বলছে না। সমর্থন করছে। তুষ্ঠীকরণের প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে। তৃণমূল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে আসছে।’