হজে গিয়ে হার্ট অ্যাটাক, অবশেষে প্রাণ বাঁচলো চিকিৎসায়

হজে গিয়ে সৌদি আরবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চলতি বছরও অনেকেই অসুস্থ হয়েছেন। তবে এসব রোগীদের জন্য রয়েছে যথাযথ চিকিৎসার ব্যবস্থা। রোববার (১০ জুলাই) ইরানের একজনের হঠাৎ হার্ট অ্যাটাক হয়। এরপর মক্কার কিং আব্দুল্লাহ মেডিকেল সিটিতে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। সোমবার (১১ জুলাই) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর আরব নিউজের।
মন্ত্রণালয়টির এক বিবৃতিতে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার মোহাম্মদ রেজা গোলামরেজা রেফাতিয়ানী নামের ওই নাগরিক ইরান থেকে এসেছেন। তিনি ইরানের মেডিকেল দলেরও প্রধান বলে জানা গেছে।
অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ৬০ বছর বয়সী রেফাতিয়ানীকে প্রথমে আজায়েদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তার বুকে ব্যথা ছিল। এরপর তাকে কিং আব্দুল্লাহ মেডেকেল সিটিতে স্থানান্তর করা হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার পর্যন্ত মক্কা, আরাফাত, মুজদালিফা, মিনা, জামারাত ও তায়েফের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ৯৩ হাজার ২২৯ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ওপেন হার্ট সার্জারি, কার্ডিয়াক ক্যাথেটার, ডায়ালাইসিস অপারেশনসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসাও দেওয়া হয়েছে।
এবছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন সৌদি আরবের আবাসিক ও অনাবাসিক নাগরিক। হজ পালন করা বিদেশির সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, হজ পালন করা পুরুষের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ জন ও নারীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৯৫ জন।