২০১৪ সালে BJP-র জয়ের ‘কারিগর’ PK , মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে কত টাকা নিয়েছিলেন?

লোকসভা ভোটের আগাম ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিরোধীদের কোনও স্ট্র্যাটেজি লোকসভা ভোটে খাটবে না বলে জানিয়েছেন। নরেন্দ্র মোদীর জয় সময়ের অপেক্ষা বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে মুখ খুলেছেন জেডিইউর ভবিষ্যৎ নিয়েও। ২০১৪ সালে মোদীর হয়ে লোকসভা নির্বাচনের প্রচার কৌশল ঠিক করার দায়িত্বও পিকের উপর ছেড়ে নিশ্চিন্ত হয়েছিল গেরুয়া শিবির। তুখোর বুদ্ধিতে সেখানেও বাজিমাত করেন পিকে।

তিনি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতাতে কোনও দিন টাকা নিয়েছেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন ‘আমি কখনও প্রফেশানাল ফি নিইনি কোনও দিন। সেই ভালো ব্য়বহারটাই কাজেও লাগছে পরবর্তীকালে। আমি কারও থেকে কখনও ব্যক্তিগত ফি নিইনি, এটা আমি আগেও একাধিকবার বলেছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এটা ঠিক ক্যাম্পেনের যা খরচ হয়েছে তা দিয়েছে রাজনৈতিক দলগুলি। আমারও যা খরচ হয়েছে তাও আমায় মিটিয়েছে। তার মানে এটা নয় যে প্রশান্ত কিশোরের কাছে এসে কেউ তাঁকে ২৫ কোটি অফার করেছেন পরামর্শ দানের বিনিময়ে আর তিনি তা গ্রহণ করেছেন। আমার সঙ্গে কারও ক্রেতা-বিক্রেতার সম্পর্ক নয়। তার থেকেও বেশি সম্পর্ক আমার কাছে বেশি মূল্যবান।’