সস্তায় মিলনে স্কচ-হুইস্কি! গ্রামে গ্রামে হবে বিয়ার বার, মহিলা প্রার্থীর প্রতিশ্রুতিতে অবাক জনগণ

ভোটের বাজারে ভোটারদের মন জয় করতে রাজনীতিবিদরা নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কর্মসংস্থান, বাসস্থান, বিনামূল্যে চিকিৎসা, এই সবই থাকে তাদের তালিকায়। কিন্তু মদ্যপানের প্রতিশ্রুতি? অবাক লাগলেও, মহারাষ্ট্রের এক প্রার্থী করেছেন ঠিক এমনই প্রতিশ্রুতি!
চন্দ্রপুর জেলার চিমুর গ্রামের ভোটারদের স্বল্পমূল্যে হুইস্কি-বিয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নির্দল প্রার্থী ভনিতা রাউত। ২০২৪ লোকসভা নির্বাচনে তাকে ভোট দিয়ে জিতালে এলাকাবাসীরা পাবেন কম দামে মদ্যপানের সুযোগ। এমন অদ্ভুত প্রতিশ্রুতিতে অবাক চক্ষু চড়কগাছ ভোটারদেরও।
অখিল ভারতী মানবতা পার্টির এই প্রার্থী নির্দল হিসেবে এবার ভোটে লড়াই করছেন। গরিব ভোটারদের মন জয় করতে ভনিতা রাউত এই অভিনব কায়দায় প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন মহারাষ্ট্রের গ্রামে গ্রামে।
এই প্রতিশ্রুতি নিয়ে বিতর্ক তুঙ্গে। অনেকেই মনে করছেন, ভোট কেনার জন্য ভনিতা রাউত অসৎ উপায়ে ভোটারদের প্রলুব্ধ করছেন। অন্যদিকে, তাঁর সমর্থকরা বলছেন, গরিব মানুষদের জন্য মদ্যপান একটি বিনোদন, এবং কম দামে মদ্য সরবরাহ করে ভনিতা রাউত তাদের আনন্দ দিতে চান।
তিনি বলেন, ‘প্রত্যেক গ্রামে বিয়ার বার তৈরি করে দেওয়া হবে। বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিদেশি স্কচ-হুইস্কি। গরিবরাও দেদার মদ খেতে পারবেন এবার থেকে। সংসদ তহবিল থেকেই এই খাতে খরচ করা হবে। আমায় জিতিয়ে আনলেই গ্রামে গ্রামে সুরাপ্রেমীদের পোয়াবারো।’
এই অদ্ভুত প্রতিশ্রুতি ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে, একথা নিশ্চিত, ভোটের বাজারে ভনিতা রাউতের এই প্রতিশ্রুতি বেশ আলোড়ন তৈরি করেছে।