SPORTS: দুটো ম্যাচে হার, ম্যাচ শেষে রোহিতের সঙ্গে বৈঠক, ফের অধিনায়ক বদল মুম্বইতে?

এই বছর IPL-এ সবচেয়ে বড় চমক ছিল গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে ট্রান্সফার ফি দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে নেওয়া। ১৫ কোটি টাকার ট্রান্সফার ফি দিয়ে হার্দিককে মুম্বই দলে নেওয়া হয় বলে খবর। তিনি এসেই অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন, যার ফলে পাঁচ বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে সরানো হয়। এই সিদ্ধান্ত সমর্থকদের হজম করতে বেশ বেগ পেতে হয়েছে, এখনও অনেকে এটি মেনে নিতে পারেননি। উপরন্তু, হার্দিক অধিনায়ক হিসেবে দুটি ম্যাচে নেমেই হতাশ করেছেন, যার ফলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে টলমল পরিস্থিতি তৈরি হয়েছে।

মুম্বই মিনি নিলাম থেকে দলে অনেক পরিবর্তন করেছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছে বলে জানানো হয়েছে। হার্দিক নিজেও অধিনায়কের দায়িত্ব নিয়ে সমর্থকদের কাছে সমর্থনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু IPL শুরু হতেই পরিস্থিতি বদলাতে থাকে। হার্দিকের নেতৃত্বে দল পরপর দুটি ম্যাচে হেরে যাওয়ায় এখন তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের সময় মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার নীতা আম্বানি ও আকাশ আম্বানি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। পুরো ম্যাচে তাদের বেশ হতাশ দেখায়। দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন বিভাগের ব্যর্থতায় হতাশ ছিলেন দুজনেই। ম্যাচের পর ডাগআউটে আকাশ আম্বানি রোহিত শর্মার সাথে কথা বলছেন, কিছুক্ষণ পর তিনি হার্দিক পান্ডিয়াকে ডেকে নেন।

এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের পরিস্থিতি বেশ অনিশ্চিত। হার্দিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোহিত শর্মার ভবিষ্যৎও অনিশ্চিত। মুম্বই ইন্ডিয়ান্স এই টলমল পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসে তা দেখার বিষয়।