“ভোটে লড়ার মতো অর্থ আমার কাছে নেই”- জানালেন অর্থমন্ত্রী নির্মলা

সারা দেশের অর্থ ভাণ্ডার সামলানো তথা তহবিল বণ্টনের দায়িত্বভার তাঁরই হাতে। তিনি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দলের তরফ থেকে তামিলনাড়ু অথবা অন্ধ্রপ্রদেশের মধ্যে যে কোনও একটি রাজ্য থেকে লোকসভা ভোটে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি না করে দিয়েছেন।

সংবাদ মাধ্যমের প্রশ্নে এদিন নির্মলা বলেন, ‘দল আমাকে ভোটে লড়ার কথা বলেছিল। কিন্তু ৭-১০ দিন চিন্তা করার পরে আমি বলেছিলাম, হয়তো, লড়তে পারব না। কারণ, ভোটে লড়ার মতো অর্থ আমার কাছে নেই।’ অন্য একটি প্রশ্নে নির্মলা বলেন, ‘আমারও একটি সমস্যা আছে। অন্ধ্র হোক বা তামিলনাড়ু—আরও একটি প্রশ্ন অবধারিত ভাবে উঠবে। আপনি কি সেই সম্প্রদায়ের, বা সেই ধর্মের।’ তাঁর সংযোজন, ‘দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, ওই দুই রাজ্যের যে কোনও একটি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

নির্মলা বলেন— ‘আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয় একান্ত ভাবেই আমার। এটা দেশের কনসলিডেটেড ফান্ডও নয়।’

সীতারামন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী দলের জন্য ৩৭০টি আসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা তার জন্যই চেষ্টা চালাচ্ছি। এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসীও। কারণ, এই সরকার যা দিয়েছে, তা জনগণ দেখেছে।’ নির্মলার সংযোজন, ‘মোদী সরকার স্থিতিশীলতা দিয়েছে, তার উপরে কোনও দুর্নীতি নেই, বিনামূল্যে খাদ্য বণ্টন এবং ১০০ বছর জন্য স্থায়ী সম্পদ তৈরিতে বিনিয়োগ করেছে। সব ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। ফলে ৩৭০ কেবল স্বপ্ন নয়, একটি বাস্তব লক্ষ্য।’