ধ্রুব রাঠির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে বিস্ফোরক চিঠি, এবার কি বাতিল ওসিআই?

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র যন্তর মন্তর অভিযানকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি উত্তাল। এই মেগা প্রটেস্টে যোগ দিতে দূর জার্মানি থেকে ভারতে উড়ে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠি। কিন্তু শনিবার সকালে দিল্লিতে ঢোকার আগেই গুরুগ্রামের বাসভবন থেকে তাঁকে আটক করে পুলিশ। এর পাশাপাশি তাঁর নাগরিকত্ব এবং ভারতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার বৈধতা নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্কের কালো মেঘ।

দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের দাবি অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ভারতে আসেন ধ্রুব রাঠি। দেশে ফিরেই পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিরোধী বিক্ষোভে সামিল হন তিনি। সেখান থেকে একটি বিশেষ ভিডিও বার্তা পোস্ট করে ধ্রুব সাধারণ মানুষকে শনিবার দিল্লির যন্তর মন্তরে CJP-র জমায়েতে যোগ দেওয়ার আকুল আবেদন জানান।

ধ্রুব রাঠির এই উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই আইনি প্রশ্ন তুলে দিয়েছেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার তথা বিজেপি নেতা ভাস্কর রাও। ধ্রুব বিদেশি নাগরিক বা ওসিআই (OCI) কার্ডধারী কি না, এবং ভারতে দ্বৈত নাগরিকত্ব নিষিদ্ধ হওয়ায় কোন পাসপোর্টে বা ভিসায় তিনি প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি লিখেছেন ভাস্কর রাও।

১৯৪৬ সালের বিদেশি নাগরিক আইন (Foreigners Act 1946), অভিবাসন বিধি এবং ওসিআই সংক্রান্ত শর্তাবলী লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন এই উচ্চপদস্থ আইপিএস কর্তা।

১৯৯৪ সালে হরিয়ানার এক জাঠ পরিবারে জন্ম ধ্রুব রাঠির। শৈশব দেশে কাটলেও উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান এবং সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তবে পুলিশ জানিয়েছে, শনিবার গুরুগ্রাম থেকে তাঁকে আটকের নেপথ্যে নাগরিকত্ব বা ভিসা বিতর্কের সরাসরি যোগ নেই। মূলত দিল্লিতে CJP-র বিক্ষোভ কর্মসূচির ওপর কোনো অনুমতি ছিল না। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করায় ধ্রুবকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *