মস্কোয় হামলাকারীদের কী সাজা দেবে রাশিয়া? জেনেনিন রাশিয়ার আইন সম্পর্কে

অবশেষে প্রকাশ্যে এলো মস্কোর কনসার্ট হলে সন্দেহভাজন হামলাকারীদের ছবি। রোববার (২৫ মার্চ) রাশিয়ার একটি আদালতে হাজির করা হয় তাদের। সেই ভিডিও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।
আদালতের ছবি ও ভিডিওতে চার সন্দেহভাজনকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। চেহারাতেই স্পষ্ট, তাদের ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছে। প্রত্যেকের মুখেই ছিল মারাত্মক জখমের চিহ্ন। এমনকি, একজনকে আদালতে আনা হয়েছিল হুইলচেয়ারে বসিয়ে।
হামলাকারীদের পরিচয়
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত চারজনের নাম দালেরদজন মিরজোয়েভ (৩২), সাইদাক্রমি মুরোদালি রাচাবালিজোদা (৩০), শামসিদিন ফরিদুনি (২৫) এবং মুহাম্মাদসোবির ফয়জভ (১৯)। তারা চারজনই তাজিকিস্তানের নাগরিক বলে দাবি করা হয়েছে।
মিরজোয়েভ এবং রাচাবালিজোদা নামে আদালত যে ব্যক্তিদের চিহ্নিত করেছে, তাদের চোখের চারপাশে গভীর কালো রঙ দেখা গেছে। দ্বিতীয়জনের কানে মোটা ব্যান্ডেজ লাগানো ছিল। গ্রেফতারের সময় তার কান আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।
মিরজোয়েভের গলায় একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ জড়ানো দেখা গেছে। ফরিদুনি নামে পরিচয় দেওয়া ব্যক্তির মুখের একাংশ অনেকখানি ফুলে ছিল। ফায়জভ নামের লোকটিকে হাসপাতালের পাতলা গাউন পরা অবস্থায় হুইলচেয়ারে বসিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এসময় তিনি অজ্ঞান ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাদের আগামী ২২ মে পর্যন্ত বন্দি রাখার আদেশ দিয়েছেন রুশ আদালত। তবে অভিযুক্তদের বিচারের তারিখ কখন নির্ধারিত হবে তার ওপর ভিত্তি করে এর সময় আরও বাড়ানো হতে পারে।
মস্কোর বাসমানি জেলা আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, চার আসামিই যাবজ্জীবন কারাদণ্ডের ঝুঁকিতে রয়েছেন।
আদালত বলেছে, দুই আসামি এরই মধ্যে দোষ স্বীকার করেছেন। তাদের মধ্যে একজন ‘সম্পূর্ণভাবে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন’।