বিশেষ: ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ, কেজরিওয়ালের সম্পত্তির পরিমাণ কত?

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

কত সম্পত্তির মালিক দিল্লির মুখ্যমন্ত্রী?

২০২০ সালে নির্বাচন কমিশনে জমা করা হলফনামা অনুযায়ী, কেজরিওয়াল মোট ৩ কোটি ৪৪ লাখ টাকার মালিক। সে সময় তাঁর কাছে নগদ ছিল ১২ হাজার টাকা। স্ত্রীর কাছে ছিল নয় হাজার টাকা। পরিবারের মোট ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেখানে মোট ৩৩ লাখ ২৯ হাজার টাকা জমা রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের নামে কোনও ঋণ নেই। পরিবারের কাছে মোট ৪০ হাজার টাকার রুপো এবং ৩২ লাখ টাকার সোনা রয়েছে। স্ত্রীর নামে ১৫ লাখ ৩১ হাজার টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে। কেজরিওয়ালের কোনও গাড়ি নেই। স্ত্রীর নামে যদিও ৬ লাখ ২০ হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে। স্ত্রীর নামেই হরিয়ানার গুরুগ্রামে একটি ১ কোটি মূল্যের বাড়ি রয়েছে। ১ কোটি ৭৭ লাখ টাকার জমি রয়েছে গাজিয়াবাদ এবং হরিয়ানায়।