নাবালিকাকে যৌন নিগৃহের অভিযোগ, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো মামলা

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে POCSO ধারায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৮১ বছর বয়সী ইয়েদুরাপ্পা একাধিকবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।

সদাশিবনগর থানায় ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার মা। তাঁর দাবি, ১৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করেছেন ইয়েদুরাপ্পা। ওই মহিলার অভিযোগ, একটি বিষয়ে সাহায্যের জন্য তিনি তাঁর মেয়ে নিয়ে গিয়েছিলেন ইয়েদুরাপ্পার কাছে। তখনই তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই ঘটনা ঘটে গত মাসের ২ তারিখে। ইয়েদুরাপ্পা তাঁর মেয়ের সঙ্গে কথা বলার জন্য তাকে আলাদা একটি ঘরে নিয়ে যান। সেখানেই তাকে যৌন নিগ্রহ করার হয়। এই নিয়ে পুলিশ বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে POCSO-এর ৮ নম্বর ধারায় মামলা দায়ের করেছে।

BJPর দাবি, এটা মিথ্যা একটা অভিযোগ। নির্বাচনের ঠিক আগে ইয়েদুরাপ্পা এবং ভারতীয় জনতা পার্টিকে হেয় করতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। তাঁদের প্রশ্ন, ‘যদি গত মাসেই এই ঘটনা হয়ে থাকে তাহলে তখনই এই নিয়ে অভিযোগ করা হয়নি কেন? ওই মহিলার বয়ান অনুসারে গত মাসে এই নিগ্রহ করা হয়। তার এক মাসের বেশি সময় পরে এই নিয়ে অভিযোগ করার পিছনে যে রাজনৈতিক খারাপ অভিসন্ধি আছে সেটা পরিষ্কার।’