মাথায় চোট লেগে আহত মমতা, সুস্থতা কামনা করলেন মোদী

মাথায় চোট লেগে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার গুরুতর আহত হওয়ার ছবি প্রথম প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এরপরই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এক্স বার্তায় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জীর দ্রুত সুস্থতার পাশাপাশি সুস্বাস্থ্যের কামনা করেছেন।
ভারতের ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনকার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কলকাতার হাজরার বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাতেই মুখ থুবড়ে পড়েন মমতা। এতে মাথায় গভীরভাবে কেটে যায়, নাকেও চোট পান মুখ্যমন্ত্রী। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে হাজরার বাড়িতে ফিরে যান তিনি।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে গণমাধ্যমকর্মীদের এমন তথ্যই জানিয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে পরিচালক ড. মনিময় বন্দোপাধ্যায়।
মনিময় বন্দ্যোপাধ্যায়ের এ তথ্য দেওয়ার পর এখন বড় প্রশ্নের বিষয় হলো মমতা ব্যানার্জীকে কেউ ইচ্ছাকৃতভাবে পেছন থেকে ধাক্কা মেরেছে? তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে তার নিরাপত্তার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, এর অর্থ এই নয়, যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে। মুখ্যমন্ত্রী শেষ সময় অনুভব করেছিলেন কেউ যেন তাকে ধাক্কা মেরেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হাসপাতালে নিয়ে আসা হয়।
সূত্র: এডিটিভি