“মিনি স্কার্ট প্রাচীন ভারতীয় ফ্যাশনের অংশ”-জানালেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। সেখানে দেশের বড় বড় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেই সাথে অনেক ক্রিয়েটিরকে পুরস্কৃতও করেন প্রধানমন্ত্রী।আর সেই অনুষ্ঠানেই তিনি মিনি স্কার্ট নিয়ে তৈরি বিতর্কের অবসান ঘটান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মিনি স্কার্ট পড়া এবং হাতে পার্স নিয়ে ঘোরা ভারতীয় ফ্যাশনেরই অংশ। হাজার হাজার বছর আগে এর প্রমাণ মিলেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যদি কোনারক সূর্য মন্দিরে যান তবে দেখবে পাবেন সেখানকার দেওয়ালে প্রাগৈতিহাসিক স্থাপত্যের নিদর্শন হিসেবে মহিলাদের নানা প্রতিকৃতি রয়েছে। মূর্তিকার যখন সেগুলি তৈরি করেছিলেন, মহিলা মূর্তিকে স্কার্ট পরিয়েছিলেন এবং হাতে পার্সও দিয়েছিলেন। অর্থাৎ খুব সহজেই ধরে নেওয়া যাচ্ছে, সে সময়কার শিল্পীরা মিনি স্কার্ট এবং পার্স সম্পর্কে অবগত ছিলেন।’ তাঁর সংযোজন, ‘অনেকে মনে করেন মিনি স্কার্ট আধুনিক সভ্যতার সিম্বল। তা আসলে সত্য নয়, হাজার হাজার বছর আগে থেকে এই ফ্যাশন চলে আসছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরেই ভারত ফ্যাশনে পথপ্রদর্শক। একশো বছর আগের মূর্তিতেও ফ্যাশন সেন্স ছিল। বিশ্ব বাজারে ভারতীয় ফ্যাশনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ভারতের ঐতিহ্যবাহী পোশাকগুলি বিশ্বে দেশের অনন্য সাংস্কৃতিক পরিচিতিকে তুলে ধরে।’