নির্বাচনী বন্ডের হিসাব, সুপ্রিমকোর্টের কাছে সময় চাইলো SBI

আজ, ৬ মার্চ, ছিল সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন, যার মধ্যে এসবিআই-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশন (ECI)-এর হাতে তুলে দিতে হবে। কিন্তু তার আগেই, সোমবার, এসবিআই সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা নির্ধারিত সময়ের মধ্যে বন্ডের হিসেব জমা দিতে পারবে না। কারণ তারা এখনও তথ্য সংগ্রহ করে উঠতে পারেনি। তাই অন্তত ৩০ জুন পর্যন্ত তাদের সময় দেওয়া হোক।
বিরোধী শিবিরের অভিযোগ
বিরোধী শিবির অভিযোগ তুলেছে যে এসবিআই-কে দিয়ে আসলে এই আপিল করাচ্ছে বিজেপি। কারণ, তারাই এ পর্যন্ত বিক্রি হওয়া মোট বন্ডের প্রায় ৫৫ শতাংশ অর্থ অনুদান পেয়েছে। সেগুলো কারা দিয়েছেন, তা যাতে লোকসভা নির্বাচন পর্যন্ত গোপনই থাকে, তার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তারা।
এসবিআই-এর দাবি
এসবিআই শীর্ষ কোর্টকে তার আবেদনে বলেছে যে, বন্ড বিক্রির প্রথম দিন অর্থাৎ ২০১৯-এর ১২ এপ্রিল থেকে বন্ড বাতিল-রায়ের দিন অর্থাৎ এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২,২১৭টি ইলেক্টোরাল বন্ড বিক্রি করেছে এসবিআই-এর বিভিন্ন ব্রাঞ্চ। তার মধ্যে যেগুলো ভাঙানো হয়েছে, সেগুলো সিলড খামে মুম্বইয়ের মেন ব্রাঞ্চে জমা পড়েছে।
কাজেই ডিকোড করে তা হিসেব করতে হবে মোট ৪৪৪৩৪টি সেটের। সেই বিপুল পরিসংখ্যান এখনও সংগ্রহ করা যায়নি। তাই ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হোক তাদের।
বিরোধীদের প্রশ্ন
আইনজীবী প্রশান্ত ভূষণ এই নিয়ে মঙ্গলবার সকালে এক্স-এ প্রশ্ন তোলেন, ‘প্রত্যাশিত ভাবেই স্টেট ব্যাঙ্কের মাধ্যমে মোদী সরকার নামপ্রকাশের সময় চেয়েছে লোকসভা ভোটের পর পর্যন্ত। আসলে এই তথ্য সামনে এলে অনেক ঘুষদাতাদের নামও সামনে আসবে, যারা বিজেপিকে সাহায্য করেছে। এত্ত ভয়!’