আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়ানো হবে ভাতা, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
তিনি বলেন, ‘আশা কর্মীরা অনেক কাজ করে, ওঁরা আমাদের গর্ব। আমাদের সব বিপদে ওঁরা পাশে থাকে। এপ্রিল মাস থেকে ওদের ৭৫০ টাকা করে বেতন বাড়ানো হচ্ছে।’
এদিন তাঁদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফেসবুক তিনি জানান, বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।
আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে রাজ্য বাজেটে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। বেতনবৃদ্ধি, নিয়মিত ভাতা দেওয়া, বকেয়া মেটানো-সহ নানা দাবিতে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন তাঁরা।