জলের ঘাটতি দেশের ৫৪০টি জেলায়, এপ্রিল থেকে পড়বে তীব্র গরম! সতর্ক করল আবহাওয়া বিভাগ

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভারত আবারও চরম জল সংকটের সম্মুখীন হতে চলেছে। গ্রীষ্মের শুরুতেই ৫৪০ টিরও বেশি জেলা, যার মধ্যে পালঘর, সাংলি, সোলাপুর, পুনে উল্লেখযোগ্য, জলের অভাবে চাপে পড়েছে।
IMD-এর SPEI অনুসারে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৯৮টি জেলা বেশ ভালোরকম শুষ্ক অবস্থার সম্মুখীন হচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, বিশেষ করে উপদ্বীপ, মধ্য এবং পশ্চিম ভারতে, বাষ্পীভবনের হারকে প্রভাবিত করছে, ফসলের চাপকে বাড়িয়ে তুলছে। পালঘরের মতো উপকূলীয় অঞ্চল, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে জলের ঘাটতি চরমে পৌঁছোচ্ছে।
IMD বিজ্ঞানী রাজীব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, ক্ষতিগ্রস্থ জেলাগুলির মধ্যে রয়েছে পালঘর, সোলাপুর, সাংলি, পুনে, রাজকোট, জুনাগড়, দ্বারকা, মহীশূর, এর্নাকুলাম, ত্রিশুর, বেলগাঁও, রায়গড়, রত্নাগিরি, ত্রিবান্দ্রম, মাদুরাই এবং ভেলোর। মুম্বাই সহ আরও ৪৪২ জেলাও শুষ্ক অবস্থা দেখাতে শুরু করেছে।
আগামী মাসগুলিতে বাষ্পীভবনের হার আরও বেশি হতে পারে এবং মধ্য ও উপদ্বীপের ভারতের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা প্রত্যাশিত। পালঘর এমনকি দিনের বেলা খুব তাপমাত্রার কারণে মাঝারিভাবে শুষ্ক অবস্থা দেখাতে শুরু করেছে।
জল সংকট কৃষির বাইরেও সুদূরপ্রসারী প্রভাব ফেলে। বাঁধ ও খালের জলের স্তর, পানীয় জলের প্রাপ্যতা এবং জনস্বাস্থ্যকে ব্যাপক ভাবে চাপে ফেলতে পারে জলের অভাব। এই সংকট মোকাবেলায় যত তাড়াতাড়ি সম্ভব জলের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনার প্রয়োজন। জল সংকটের প্রভাব কমানোর জন্য সক্রিয় পদক্ষেপ করাও জরুরি।