ইমরান খানের বন্দি স্ত্রীকে অ্যাসিড মেশানো খাবার দেওয়ার অভিযোগ, উত্তাল রাজীনীতি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ‘অ্যাসিড মেশানো’ খাবার দেয়ার অভিযোগ উঠেছে। বন্দি থাকা বুশরা বিবির অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছে পিটিআই। জরুরি ভিত্তিতে বুশরার চিকিৎসার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ইমরান খানের সঙ্গে তোষাখানা দুর্নীতির মামলায় সাজা পেয়েছেন বুশরা বিবিও। তিনি এখন আছেন ইমরানের ইসলামাবাদের বানিগালার বাড়িতে। ওই বাড়িকে সাব-কারাগার ঘোষণা করা হয়েছে।

বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, বুশরা বিবি তার পরিবারের সদস্য, ইমরান খানের বোন এবং পিটিআইয়ের আইনি দলের সঙ্গে দেখা করেছেন।

মাশাল বলেন, বুশরা ভয়ংকর এক খবর জানিয়েছেন। তা হলো, তার খাবারে অ্যাসিডজাতীয় কিছু একটা দেয়া হয়েছিল। আর সেটা গত কয়েকদিন ধরে বুশরাকে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা দিচ্ছে।

তিনি আরো জানান, বুশরা বিবির পাকস্থলীতে তীব্র প্রদাহ হচ্ছে। মুখে ও গলায় গুরুতর ক্ষত হয়েছে। তিনি চরম যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন।

মাশাল সতর্ক করে দিয়ে বলেন, বুশরার জীবনে ‘গুরুতর হুমকি’ দেখা দিয়েছিল। যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসক দেখানো, পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

এদিকে এক্সে দেয়া আলাদা এক পোস্টে পিটিআই জানিয়েছে, এখনকার ‘ফ্যাসিবাদী শাসন’ এতটাই নিচে নেমে গেছে যে তারা ইমরান খানের স্ত্রীর ওপর ‘নোংরা আক্রমণ’ করছে। তাকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। পিটিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।