চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ মহিলার, যতীন দাস পার্কে বন্ধ আংশিক পরিষেবা, অফিস টাইমে যাত্রীদের দুর্ভোগ

মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরের যতীন দাস পার্ক স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে এক মহিলা। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার এই ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল।
মহিলাটি বেঁচে আছেন। ট্রেনের চালক দ্রুত ব্রেক কষায় প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। উদ্ধারের পর তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
6:09 মিনিটে এক যাত্রী যতীন দাস পার্ক স্টেশনে ডাউন মেট্রোর সামনে ঝাঁপ দেন। 6:41 মিনিটে ট্র্যাক থেকে উদ্ধার করে মহিলা যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে কাটা পরিষেবাগুলি চালানো হয়েছিল। 6:41 মিনিটে পুনরায় স্বাভাবিক পরিষেবা চালু হয়।
কাজের দিনে ব্যস্ত সময়ে অফিস ফেরতা যাত্রীদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।
গত ডিসেম্বর মাসে রবীন্দ্র সদন স্টেশনে একই রকম ঘটনা ঘটেছিল। সকালে অফিস টাইমে এই ঘটনার জেরেও যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
মেট্রোতে বারবার আত্মহত্যার চেষ্টার ঘটনা যাত্রীদের জন্য বিরক্তিকর ও বিপজ্জনক। দ্রুত সমাধান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছে নিত্যযাত্রীরা।