বিয়ের পর বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু নববধূর, শ্বশুরবাড়িতে শোকের পরিবেশ

হরিয়ানার সিরসা জেলায় বিয়ের পর নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর। হঠাৎ বরের গাড়ির সঙ্গে একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় নববধূর। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বর।

কয়েক দিন আগে হরিয়ানার সিরসা জেলার লক্ষ্মণগড়ের বাতানাউয়ের বাসিন্দা নরেন্দ্র সিং-এর সঙ্গে বিয়ে হয়েছিল তাজিয়া খেজার এলাকার বাসিন্দা খুশবুর। বিয়ের পরদিন নতুন বউকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন নরেন্দ্র। সিরসা জেলার মারতাড়ু মোড়ের কাছে বরের গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্পারের। মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন খুশবু, নরেন্দ্র ও গাড়িচালক সহ আরও ১ জন। খুশবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর জখম বর নরেন্দ্র এবং আরও দু’জনেকে সিরসার অন্য একটি হাসপাতালে করা হয়েছে রেফার।

খুশবুর মৃত্যুর খবর পৌঁছায় তাজিয়া খেজার গ্রামে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল নববধূর দেহ।খুশবু ছয় বোনের মধ্যে সবার ছোট। তাঁর বাবা পেশায় একজন কৃষক। নরেন্দ্রের বাবা ২০১৩ সালে মারা গিয়েছিলেন। নরেন্দ্র স্নাতক হওয়ার পর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ডাম্পারের ধাক্কায় নববধূর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। ডাম্পারটি আটক করার পাশাপাশি অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

এই ঘটনাটি বেদনাদায়ক এবং দুঃখজনক। আমরা মৃত নববধূর পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের এই কঠিন সময়ে শক্তি দান করার জন্য প্রার্থনা করি।