মর্মান্তিক: বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি, পড়ে গিয়ে মৃত্যু হল ব্যক্তির

বৃহস্পতিবার দুপুরে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেলওয়ে স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে ঘিরে এনজেপি স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত ব্যক্তির নাম উজ্জ্বল ভৌমিক। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এদিন তিনি বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি থেকে কলকাতায় যাওয়ার কথা ছিল। জানা গেছে, ট্রেন ছাড়ার পর তিনি দৌড়ে ট্রেনে উঠতে চেষ্টা করেন। সেই সময় পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিআরপি ও আরপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। মৃত ব্যক্তির বাড়ি বাগডোগরার ক্ষুদিরামপল্লীতে। তার পরিবারে মা, বাবা, স্ত্রী এবং ছয় মাসের এক সন্তান রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
বন্দে ভারত এক্সপ্রেস নির্দিষ্ট সময়েই এনজেপি স্টেশন থেকে ছেড়ে যায়। উজ্জ্বলের ট্রেন ধরতে কিছুটা দেরি হয়ে যায়। তিনি দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করেন এবং দরজায় ধাক্কা খেয়ে পড়ে যান। পতনের ফলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এই ঘটনা বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ধরেছে। রেলওয়ে কর্তৃপক্ষকে এই বিষয়ে আরও সতর্ক থাকার জন্য জোরালো দাবি জানিয়েছে যাত্রীরা।