চেন্নাইয়ে ৫ স্কুলে বোমা হামলার হুমকি! আতঙ্কের পর তদন্ত শুরু

চেন্নাইয়ের পাঁচটি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকির বার্তা পাঠানোর পর বৃহস্পতিবার সকালে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেনামি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এরপর স্কুলগুলি খালি করে দেওয়া হয় এবং বোম্ব স্কোয়াডের দল তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে, চেন্নাইয়ের আন্না নগর, জেজে নগর, প্যারিস কর্নার, গোপালপুরম এবং ময়লাপুর এলাকার পাঁচটি স্কুলে বেনামি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং পড়ুয়াদের স্কুলের মাঠে নিয়ে আসা হয়। বোম্ব স্কোয়াডের পাঁচটি দল স্কুলগুলিতে ছুটে যায় এবং পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু করে। অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে তাদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলের গেটের সামনে ভিড় জমিয়েছিলেন।
পুলিশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানোর পর কিছুই পায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্কুলগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিভাবক এবং সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ আবেদন জানিয়েছে।
বেনামি ই-মেইল পাঠানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ মেইলগুলি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে। একই ব্যক্তি, না ভিন্ন ভিন্ন ব্যক্তি মেইলগুলি করেছিল কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গত ডিসেম্বর মাসে বেঙ্গালুরু শহরে ১৫টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তল্লাশি অভিযান চালিয়ে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এই ঘটনায় চেন্নাইয়ের স্কুলগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবে বলে আশা করা হচ্ছে।