স্কুলের সামনে লাগানো হচ্ছে স্পিড ব্রেকার, দুর্ঘটনা রুখতে নয়া পদক্ষেপ

বনগাঁ শহরে বেপরোয়া গাড়ির গতির ফলে বারবার দুর্ঘটনা ঘটে। স্কুলের ছাত্র, অভিভাবক সহ বহু মানুষ প্রাণ হারানোর পর পুলিশ এবং বনগাঁ পুরসভার কাছে রাস্তায় স্পিড ব্রেকার বসানোর আবেদন জানান স্থানীয়রা।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে বনগাঁ পুরসভা শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে, বিশেষ করে স্কুলের সামনে ফাইবারের স্পিড ব্রেকার বসানো শুরু করেছে। ইতিমধ্যে পেট্রাপোলগামী যশোর রোড-সহ বেশ কয়েকটি জায়গায় স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। পুরসভার নিজস্ব তহবিল থেকে এই কাজের জন্য প্রায় ৫ লক্ষ টাকা খরচ করা হবে।
রাতের দিকে দুর্ঘটনার হাত থেকে শতাব্দী প্রাচীন গাছগুলিকে রক্ষা করতে গাছের গায়ে তেরঙ্গা রেডিয়াম রিফ্লেক্টরও লাগানো হচ্ছে। এ ছাড়াও বনগাঁ-চাকদহ রোড, বনগাঁ-বাগদা রোড, বিএস ক্যাম্প রোড-সহ একাধিক রাস্তায় এই ধরনের স্পিড ব্রেকার বসানো হচ্ছে। শহর জুড়ে মোট একশোটি স্পিড ব্রেকার বসানোর পরিকল্পনা রয়েছে।
বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘দুর্ঘটনা রুখতে পুলিশ এবং ছয়ঘরিয়া পঞ্চায়েত পুরসভার কাছে আবেদন করেছিল। এরপরেই গাড়ির গতিতে রাশ টানতে শতাধিক স্পিড ব্রেকার লাগানোর কাজ শুরু করেছে বনগাঁ পুরসভা। সীমান্তে যাওয়া গাড়িগুলোকে নির্দিষ্ট সময়ে ছাড়া, অযথা পণ্যবাহী ট্রাক রাস্তার ধারে পার্কিং না করে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় রাখার জন্য পুলিশ এবং বনগাঁর আঞ্চলিক পরিবহণ দপ্তরের কাছে আবেদন করা হয়েছে।’
স্কুলের অভিভাবক ও শিক্ষকরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন স্পিড ব্রেকার বসানোর ফলে দুর্ঘটনা কমে আসবে